
নিজস্ব প্রতিবেদক, নরসিংদী : নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে হামলা ও লুটের শিকার বাক্প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের মৃত্যুর ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভৈরব রেলওয়ে থানা পুলিশ, ঢাকা রেলওয়ে জেলা ডিবি এবং র্যাব-১১-এর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—সাকিব মিয়া (২৩), ইলিয়াছ মিয়া (৩৫), বিল্লাল মিয়া (২৫), দীন ইসলাম (২৬) এবং রিফাত মিয়া (২০)।
ঘটনার বিবরণে জানা যায়, গত শনিবার গভীর রাতে মেথিকান্দা রেলওয়ে স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে ঢুকে দুর্বৃত্তরা ববি বেগমকে নির্মমভাবে মারধর করে। এ সময় তাঁর দীর্ঘদিনের সঞ্চিত অর্থও তারা লুট করে নিয়ে যায়। মারধরের ফলে গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার রাতে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এই নির্মম হত্যাকাণ্ডের পর ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়। ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ দল অভিযানে নামে।
এ বিষয়ে আজ দুপুরে বিস্তারিত তথ্য জানাতে র্যাবের পক্ষ থেকে সংবাদ ব্রিফিং করার কথা রয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com