
মো. তৌফিকুল হক, রায়পুরা (নরসিংদী) : নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে পানিতে ডুবে চার মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত চার শিক্ষার্থী হলো তাবিয়া (১৩), আলেয়া (১১), আয়েশা (৯) ও জান্নাত (৯)। তারা সবাই স্থানীয় গাউছিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী এবং বড়কান্দা গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল মাদ্রাসা ছুটি হওয়ার পর ওই চার ছাত্রী বড়কান্দা খালে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানির গভীর স্রোতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাদের উদ্ধার করেন। তাদের মধ্যে তিনজনকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পাওয়া যায় এবং অন্যজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
একসঙ্গে চার শিশুর এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের বাড়িতে স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যান। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। স্থানীয় প্রশাসন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
