

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : উপজেলার আলেকজান্ডার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০টি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (৭ নভেম্বর) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে বাজারের ব্যবসায়ী রাসেল হোসেনের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে মুদি, গার্মেন্টস, মোবাইল, ক্রোকারিজ ও কসমেটিকসহ অন্তত ২০টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ব্যবসায়ীরা দাবি করেছেন, এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. সেলিম বলেন, ‘লোন নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন পরিবার চালাব কীভাবে, বুঝে উঠতে পারছি না।’
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, “ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে কোটি টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে।”
রামগতি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন মজুমদার বলেন, “বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আমরা দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনি।”
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সৈয়দ আমজাদ হোসেন বলেন, “ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হচ্ছে। পরে তাদের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।”
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com