
নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতিতে সাগরে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ১১টি ট্রলার থেকে ১ হাজার কেজি (১ টন) ইলিশ ও ৩০০ কেজি অন্যান্য সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। একই সঙ্গে ট্রলার মালিকদের কাছ থেকে জরিমানা ও জব্দ করা মাছ নিলামে বিক্রি করে মোট ১৬ লাখ ৩৫ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে মৎস্য বিভাগ।
গত মঙ্গলবার (৯ জুন) সকালে রামগতি উপজেলার টাংকির মাছঘাট এলাকায় কোস্টগার্ড ও মৎস্য বিভাগের এক যৌথ অভিযানে এসব মাছ ও ট্রলার আটক করা হয়।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, সামুদ্রিক মৎস্য ও মেরিন ফিশারিজ আইন-২০২০ অনুযায়ী ট্রলার মালিকদের কাছ থেকে ৮ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া জব্দ করা মাছের মধ্যে ৮ লাখ ১০ হাজার টাকার মাছ নিলামে বিক্রি করা হয়েছে। অবশিষ্ট কিছু মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়। জরিমানা ও নিলামের এই বিপুল অর্থ ইতিমধ্যে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, সাগরে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন সময়ে (১৫ এপ্রিল থেকে আগামী ২৩ জুলাই পর্যন্ত) একদল জেলে আইন অমান্য করে সাগরে মাছ ধরছিল। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রামগতি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ উজ জামান এবং নোয়াখালীর সুবর্ণচর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফয়জুর রহমান কোস্টগার্ডের রামগতি ও হাতিয়া স্টেশন কমান্ডকে সঙ্গে নিয়ে টাংকির মাছঘাটে যৌথ অভিযান পরিচালনা করেন।
রামগতি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সৌরভ উজ জামান জানান, নিষিদ্ধ সময়ে সাগরে মাছ ধরার অপরাধে গোপন তথ্যের ভিত্তিতে টাংকি মাছঘাটে এই যৌথ অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে অবৈধ মাছ ও ট্রলার জব্দ করার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেন সুবর্ণচর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফয়জুর রহমান। সাগরের মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com