
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯০ বছরের এক বৃদ্ধা রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালের ভেতরে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার বিকেলে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বার্ধক্যজনিত কারণে ওই বৃদ্ধা মারা যান। মৃত্যুর পরপরই রোগীর আত্মীয়স্বজন ক্ষিপ্ত হয়ে হাসপাতালের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালান। এতে হাসপাতালে থাকা অন্য রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বলেন, ‘রোগীর স্বজনেরা বিনা কারণে হাসপাতালে ভাঙচুর চালিয়েছে এবং আমার স্টাফদের ওপর হামলার চেষ্টা করেছে। আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছি।’
ঘটনার পর হাসপাতালে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
