

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে লক্ষ্মীপুরের রামগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে।
বুধবার রাতে উপজেলার একটি রেস্টুরেন্টে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের রামগঞ্জ উপজেলা শাখার পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. ছায়েদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. এ. নুরুন নবী গাজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি এ কে এম মাহমুদ রিয়াজ। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির এইচ সুমন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন। এ ছাড়া রামগঞ্জ প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য মো. এমরান হোসেন পাটোয়ারী, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল লক্ষ্মীপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক নাজমুল হোসেন এবং রায়পুর উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রামগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়।
অনুষ্ঠানে বক্তব্যে এ কে এম মাহমুদ রিয়াজ বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন। অনেক ঘটনায় সুষ্ঠু বিচার না হওয়ায় সাংবাদিক সমাজ উদ্বিগ্ন। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীন সাংবাদিকতা রক্ষায় সংগঠিত ও ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি।
জাকির এইচ সুমন বলেন, সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের নিপীড়ন ও হয়রানি প্রতিরোধে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ একটি দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখবে। প্রয়োজনে আইনগত সহায়তা ও সাংগঠনিক প্রতিবাদ গড়ে তোলা হবে।
রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন তাঁদের বক্তব্যে বলেন, স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতা গণতন্ত্রের গুরুত্বপূর্ণ ভিত্তি। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে সত্য প্রকাশ বাধাগ্রস্ত হয়।
সভাপতির বক্তব্যে মো. ছায়েদ হোসেন বলেন, রামগঞ্জে কর্মরত সাংবাদিকদের যেকোনো সমস্যা ও নির্যাতনের ঘটনায় সংগঠনটি পাশে থাকবে। সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এম. এ. নুরুন নবী গাজী। তিনি বলেন, সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার পাশাপাশি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে রামগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি আউয়াল হোসেন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মাইন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাফায়েত আহম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেন রিপন, অর্থ সম্পাদক এমরান হোসেন রাজন, সহ-অর্থ সম্পাদক মো. নূর নবী, প্রচার সম্পাদক মো. আক্তার হোসেন, সহ-প্রচার সম্পাদক মো. মহিব উল্লাহ, দপ্তর সম্পাদক মেজবাউল হক টিপু, সহ-দপ্তর সম্পাদক মো. শরীফুল ইসলামসহ নির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com