
নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণীর নাম উম্মে হাবীবা সায়মা (১৫)। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের পশ্চিম মাছিমপুর এলাকার একটি বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত সায়মা স্থানীয় হরিশ্চর মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে সৌদি আরব প্রবাসী বাহার ও গৃহিণী সাজেদা আক্তার দম্পতির প্রথম সন্তান।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার আনুমানিক বিকেল চারটার দিকে চণ্ডীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাছিমপুর এলাকার বেপারীবাড়িতে এ ঘটনা ঘটে। দুপুরে নিজ বসতঘরের ভেতর গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় সায়মার ঝুলন্ত মরদেহ দেখতে পান তাঁর মা সাজেদা আক্তার।
মা সাজেদা আক্তার জানান, পড়াশোনার বিষয়ে কিছুটা বকাঝকা করায় অভিমান করে সায়মা এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ওসি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com