
নাজমুল হোসেন : লক্ষ্মীপুরের রামগঞ্জে ঈদের বাজার করতে গিয়ে দোকানের ছাদ ধসে ফাহাদ হোসেন (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত আরও পাঁচজন আহত হয়েছেন।
রোববার (৮ মার্চ) বিকেলে রামগঞ্জ শহরের পুলিশ বক্সের পশ্চিম পাশে সোনাইমুড়ি সড়ক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহাদ হোসেন পৌরসভার বাঁশঘর গ্রামের আলমগীর হোসেন বকুলের ছেলে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে মায়ের সঙ্গে ঈদের কেনাকাটা করতে সোনাইমুড়ি সড়ক সংলগ্ন একটি দোকানে আসেন ফাহাদ। এ সময় তাকে সড়কের পাশে ‘আল মুনসুর ড্রাগ হাউস’ নামের একটি ফার্মেসির সামনে দাঁড়িয়ে থাকতে বলে বিপরীত পাশে একটি কাপড়ের দোকানে যান তার মা।
কিছুক্ষণ পর হঠাৎ ওই দোকানঘরের ছাদ ধসে পড়ে। এতে ছাদের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় ফাহাদ হোসেন। এ সময় সেখানে থাকা অন্তত চার থেকে পাঁচজন পথচারী আহত হন।
ঘটনার খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ও রামগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ছাদচাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে এবং কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভবন মালিকের কোনো গাফিলতি ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
