
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ে সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী থেকে ঢালারচরের উদ্দেশ্যে ঢালারচর এক্সপ্রেস ছাড়ে। ঠিক সে সময় স্টেশনের অপর লাইনে থাকা দুটি ইঞ্জিনবিহীন বগির সঙ্গে ট্রেনটির ধাক্কা লাগে। এতে ঢালারচর এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়।
রাজশাহী রেলওয়ে স্টেশনের মাস্টার ময়েন উদ্দিন প্রথম আলোকে বলেন, বনলতা এক্সপ্রেসের দুটি বগি অন্য ট্রেনে সংযোজনের জন্য স্টেশনে আনা হয়েছিল। সানটিংয়ের (লাইন পরিবর্তন) জন্য অপেক্ষমাণ অবস্থায় ইঞ্জিন ছাড়া বগি দুটি নিজে নিজেই পেছনের দিকে সরে যায়। ঠিক সেই সময় স্টেশন থেকে বের হচ্ছিল ঢালারচর এক্সপ্রেস। এতে সংঘর্ষে দুটি বগি লাইনচ্যুত হয়।
তিনি আরও জানান, লাইনচ্যুত বগিগুলোর উদ্ধারকাজ শুরু হয়েছে। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন আসছে। তবে উদ্ধার কাজ শেষ হওয়ার আগেই লাইনচ্যুত বগি দুটি স্টেশনে রেখে ঢালারচর এক্সপ্রেসের বাকি অংশ ঢালারচরের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্তে একটি কমিটি গঠন করা হবে।
