

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশের রাজনীতিবিদদের মধ্যে গুণগত পরিবর্তন না হলে ভবিষ্যৎ প্রজন্ম নেতৃত্ব সংকটে পড়বে। তিনি বলেন, “রাজনীতিবিদদের গুণগত পরিবর্তন করতে হবে। তা না হলে সমাজের মানুষ যাবে কোথায়? কে তাদের নেতা হবে? কে নেতৃত্ব দেবে?”
এ্যানি এসব কথা বলেন বুধবার (১০ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড মহিলা দলের উঠান বৈঠকে। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপর ‘অত্যাচার–নির্যাতন’ চালানো হয়েছে। তার দাবি, মিথ্যা মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছিল এবং “যে খাবার তিনি খেতেন, তাতে বিষ মেশানো হয়েছিল”। এ্যানি আরও বলেন, সুস্থ মানুষ জেলে গেছেন, অসুস্থ হয়ে বের হয়েছেন, এবং এর জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দায়ী করেন।
তিনি বলেন, খালেদা জিয়া খুবই অসুস্থ, আল্লাহ জানেন কবে সুস্থ হয়ে তিনি ফিরে আসবেন। এ্যানি আশা প্রকাশ করেন, আগামী দুই–চার দিন অথবা ১০ দিনের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন, নির্বাচনে অংশ নেবেন এবং দেশের নেতৃত্ব দেবেন।
এ্যানি আরও বলেন, এবারের নির্বাচন আগের মতো নয়, এটি “একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে নির্বাচন”। তিনি বলেন, খালেদা জিয়ার বেঁচে থাকা মানে দেশের গণতন্ত্রের ভিত্তি আরও শক্তিশালী এবং এটি বিএনপির মনোবল ও সাহস বৃদ্ধি করছে।
মহিলা দলের নেতা-কর্মী ও শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “বর্তমান প্রজন্মের নারীরা দেশের নেতৃত্ব দিচ্ছেন। দেশ বদলে গেছে। এখন বাসায় বসেও সুযোগ তৈরি হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে নারীদের অধিকার নিশ্চিত করা হবে। তাই আপনাদের অধিকার বুঝে নেওয়ার সময় এসেছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জিয়াউর রহমানকে স্মরণ করে বলেন, রাষ্ট্র পরিচালনা, স্বাধীনতার নেতৃত্ব ও যুদ্ধের মাঠে লড়াইয়ের কারণে তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। একইভাবে বেগম জিয়াও মানুষের মনে জায়গা করে নিয়েছেন।
আলোচনা সভায় জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com