
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজানকে সামনে রেখে রাজধানীতে ‘ক্লিন ঢাকা মহানগরী’ শীর্ষক পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র ঢাকা মহানগরী উত্তর শাখা।
মঙ্গলবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন কর্মসূচিতে অংশ নিয়ে বলেন, নগর জীবনকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। রমজান মাসকে স্বাচ্ছন্দ্যময় করতে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।
কর্মসূচির অংশ হিসেবে এলাকার মসজিদ, মাদরাসা, স্কুল-কলেজ ও বাজারের আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হয়। মহানগরী আমীর নিজেও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় কেন্দ্রীয় মজলিসে শূরা ও মহানগরীর কর্মপরিষদের সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন, উত্তরা মডেল থানা আমীর অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, উত্তরা পশ্চিম থানা আমীর মাজহারুল ইসলাম, তুরাগ মধ্য থানার নায়েবে আমীর কামরুল হাসানসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, “নগরবাসীর জন্য রমজানকে স্বাচ্ছন্দ্যময় করতে আমাদের এ উদ্যোগ। সুনাগরিক হিসেবে পরিচ্ছন্নতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে।” তিনি বলেন, ইসলাম মানুষকে অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করে এবং রমজান মাস আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস।
সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ঢাকা মহানগরী উত্তরের চারটি আসনে তাঁদের প্রার্থীরা জয়ী হয়েছেন। একটি আসনে জোটসঙ্গী দল এনসিপি বিজয়ী হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। আরও দুটি আসনে অল্প ব্যবধানে পরাজয়ের কথা জানিয়ে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
ঢাকা-১৮ আসনে জোটের এক নবীন প্রার্থী এক লাখ ২৬ হাজার ভোট পেয়েছেন বলেও দাবি করেন তিনি।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা জানান, রাজধানীর পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যকর রাখতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com