রমজান সামনে রেখে ফেনীতে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ দিন আগে

পেঁয়াজ, মুরগি, গরুর মাংস ও সবজিতে কেজিতে ২০–৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি।

রমজান মাস শুরুর আগেই ফেনী শহরের কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ, মুরগি, গরুর মাংসসহ বিভিন্ন সবজির দামে কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এতে চাপে পড়েছেন নিম্ন ও মধ্যআয়ের ক্রেতারা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) শহরের বড় বাজার ও সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেটসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, রমজানকে কেন্দ্র করে পণ্যের চাহিদা বাড়ার অজুহাতে ব্যবসায়ীরা দাম বাড়িয়েছেন।

পেঁয়াজে কেজিতে ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি

এক সপ্তাহ আগেও যে পেঁয়াজ ৫০–৬০ টাকায় বিক্রি হচ্ছিল, এখন তা বিক্রি হচ্ছে ৭০–৮০ টাকা কেজিতে। বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম বাড়ার প্রভাব খুচরা বাজারেও পড়েছে।

গরুর মাংসে ৫০ টাকা বৃদ্ধি

বর্তমানে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায়। কয়েকদিন আগেও হাড়সহ গরুর মাংস ৭৫০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। মাংস ব্যবসায়ী ইদ্রিস বলেন, “রমজান সামনে রেখে চাহিদা একটু বেড়েছে। তবে এই দাম স্থায়ী হবে না, কিছুদিন পর আবার কমে আসবে।”

মুরগির বাজারও চড়া

ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০–৩০ টাকা বেড়ে এখন ২০০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি জাতের মুরগি বিক্রি হচ্ছে ৩১০ টাকা এবং লেয়ার (লাল) মুরগি ৩২০ টাকা কেজিতে। মুরগি বিক্রেতা মমিন জানান, প্রতিবছর রমজান এলেই মুরগির চাহিদা বাড়ে। সে অনুযায়ী দামও বাড়ে।

সবজির বাজারেও আগুন

শসা বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি, বেগুন ৮০ টাকা, কাঁচামরিচ ১৬০–২০০ টাকা কেজি। লেবুর হালি বিক্রি হচ্ছে ৬০–৮০ টাকায়। ক্রেতাদের অভিযোগ, রমজানকে কেন্দ্র করে অযৌক্তিকভাবে দাম বাড়ানো হচ্ছে।

ক্রেতাদের ক্ষোভ

ক্রেতা জিয়া উদ্দিন বলেন, “কয়েক দিন আগেও বেগুন ৫০ টাকা ছিল, এখন ৮০ টাকা। রমজান শুরু হলেই ব্যবসায়ীরা সুযোগ নেয়। কিন্তু বাজার মনিটরিংয়ে প্রশাসনের তেমন তৎপরতা দেখা যাচ্ছে না।”

প্রশাসনের নজরদারি দাবি

ভোক্তাদের অভিযোগ, রমজানকে সামনে রেখে বাজারে বাড়তি নজরদারি প্রয়োজন। নিয়মিত তদারকি না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন বলে তাঁদের দাবি।

রমজান মাসে নিত্যপণ্যের চাহিদা বাড়লেও বাজার স্থিতিশীল রাখতে কার্যকর মনিটরিং ও সরবরাহ নিশ্চিত করার ওপর জোর দিচ্ছেন সচেতন মহল।