
পবিত্র মাহে রমজান উপলক্ষে ‘মানবতার হাত বাড়াই, অসহায় মানুষের পাশে দাঁড়াই’—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তী উপজেলায় ইফতারসামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করেছে স্থানীয় সামাজিক সংগঠন দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শাহরাস্তী থানা–অধীন কয়েকটি গ্রামের কর্মহীন ও অসহায় ২০০ পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে এক অসুস্থ ব্যক্তিকে আর্থিক অনুদান দেওয়া হয়।
যা ছিল ইফতারসামগ্রীর প্যাকেটে
প্রতিটি প্যাকেটে পেঁয়াজ, আলু, চিনি, সয়াবিন তেল, ছোলা, মুড়ি ও খেজুরসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়, যাতে রমজান মাসে পরিবারগুলো স্বস্তিতে ইফতার করতে পারে।
বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
সামাজিক হিংসা–ঈর্ষা মোকাবিলায় সচেতনতার আহ্বান
সংগঠনের সভাপতি মঞ্জুর হোসেন সজিব বলেন, সামাজিক সংগঠনকে ঘিরে হিংসা বা ঈর্ষা একটি সাধারণ সমস্যা। অন্যের সাফল্য, মতাদর্শগত পার্থক্য, রাজনৈতিক বিভাজন কিংবা স্বার্থের দ্বন্দ্ব থেকে এ ধরনের মনোভাবের জন্ম হয়, যা সমাজে অস্থিরতা সৃষ্টি করে।
তিনি বলেন, এ সমস্যা মোকাবিলায় সামাজিক বৈষম্য দূর করা, শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি, পারস্পরিক সম্মান ও সহনশীলতা গড়ে তোলা এবং ইতিবাচক সামাজিক আন্দোলন জোরদার করা প্রয়োজন। এতে হিংসার মূল কারণগুলো দূর করা সম্ভব হবে।
রমজানকে কেন্দ্র করে এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়াবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।
