রংপুর-৩ আসনে জাতীয় পার্টির শক্ত অবস্থানউ ন্নয়নের ধারাবাহিকতায় আস্থার প্রতীক জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৫ মাস আগে

আলামীন রংপুর : রংপুর-৩ (সদর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ পর্যায়ের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও মনোনীত প্রার্থী জিএম কাদের। জাতীয় পার্টির ঐতিহাসিক ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে রাজনৈতিক উত্তাপ থাকলেও লাঙ্গল প্রতীকের পক্ষে জনসমর্থন এখনো সুসংহত—এমনটাই দাবি দলীয় নেতাকর্মীদের।

দলীয় সূত্র জানায়, মরহুম পল্লীবন্ধু ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়ন দর্শনের উত্তরাধিকার বহন করে রংপুরের সার্বিক উন্নয়নকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জিএম কাদের। নির্বাচনী প্রচারণায় তিনি রংপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “ভোটের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি এবং রংপুরকে একটি আধুনিক ও স্বনির্ভর অঞ্চলে পরিণত করাই আমাদের মূল লক্ষ্য।”

জাতীয় পার্টির উন্নয়ন দর্শন ও এরশাদের অবদান

জাতীয় পার্টির শাসনামলে দেশের উন্নয়ন ইতিহাসে একাধিক মাইলফলক স্থাপিত হয়েছে। মরহুম প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে—দেশের ৬৪টি জেলায় জেলা প্রশাসনিক কাঠামো শক্তিশালী করা হয়, যা প্রশাসনিক বিকেন্দ্রীকরণে যুগান্তকারী ভূমিকা রাখে।

উপজেলা পরিষদ ব্যবস্থা চালু করে স্থানীয় সরকারকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়।

পল্লী উন্নয়ন ও গ্রামীণ অবকাঠামো—গ্রামীন সড়ক, কালভার্ট, ব্রিজ নির্মাণে ব্যাপক অগ্রগতি ঘটে।

মসজিদ, মাদরাসা ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও সংস্কারে রাষ্ট্রীয় সহায়তা বৃদ্ধি পায়।

ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করে ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক স্থিতিশীলতা জোরদার করা হয়।

বিশেষ করে রংপুর অঞ্চলে এরশাদ আমলে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, সড়ক ও সেতু নির্মাণে উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়, যা আজও মানুষ স্মরণ করে।

জিএম কাদেরের নেতৃত্বে উন্নয়নের অঙ্গীকার

একুশের বাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জিএম কাদের বলেন, “জাতীয় পার্টি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে বিশ্বাস করে। জনগণের প্রত্যাশা পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি নির্বাচনী পরিবেশে একটি ‘গোপন সংগঠনের’ তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি আরও বলেন, “রংপুরের মানুষ সবসময় জাতীয় পার্টির পাশে ছিল। জনগণের সেই ভালোবাসা ও আস্থাই আমাদের শক্তি। লাঙ্গল প্রতীক অতীতেও বিজয়ী হয়েছে, আগামীতেও হবে।”

দলীয় নেতারা জানান, জিএম কাদেরের নেতৃত্বে রংপুর-৩ আসনে দলীয় সংগঠন আরও শক্তিশালী ও সুসংগঠিত হয়েছে। প্রচারণার শেষ পর্যায়ে সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া এবং উন্নয়নমুখী প্রত্যাশা স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে।

উন্নয়ন ও স্থিতিশীলতার প্রতীক লাঙ্গল জাতীয় পার্টির নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, রংপুরের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক সড়ক যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে জিএম কাদের কার্যকর ভূমিকা রাখবেন।

তাদের প্রত্যাশা, লাঙ্গল প্রতীকের বিজয়ের মধ্য দিয়ে রংপুর-৩ আসনে উন্নয়নের ধারাবাহিকতা আরও সুদৃঢ় হবে এবং পল্লীবন্ধুর স্বপ্নের উন্নত রংপুর বাস্তবায়নের পথে এক ধাপ এগিয়ে যাবে