আলামীন, রংপুর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রংপুর বিভাগজুড়ে কঠোর নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চার জেলার ২ হাজার ৫৭২টি ভোটকেন্দ্রের মধ্যে প্রায় ৬০০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেগুলোতে বাড়তি নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
বুধবার সকালে রংপুর নগরীর মডার্ন মোড়ে বিজিবির চেকপোস্টে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিজিবি রংপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল শফিকুর রহমান।
তিনি জানান, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলার ২৭টি উপজেলায় নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিতে বিজিবির ৭৪টি প্লাটুন মোতায়েন করা হয়েছে। এসব প্লাটুনের সহায়তায় ২৬টি অস্থায়ী বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে। নির্বাচনের পুরো সময়জুড়ে প্রায় ৩ হাজার বিজিবি সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন।
কর্নেল শফিকুর রহমান বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি রাখা হয়েছে এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে মাত্র ৪ থেকে ৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাতে কুইক রেসপন্স টিম প্রস্তুত রয়েছে।
তিনি আরও জানান, নির্বাচনী নিরাপত্তা জোরদারে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। ড্রোন, বডি ওর্ন ক্যামেরা এবং সিসি ক্যামেরার মাধ্যমে গুরুত্বপূর্ণ এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি সন্দেহজনক স্থানে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবেও দায়িত্ব পালন করবে।
সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, রংপুর সেক্টরের আওতাধীন ৬৩৭ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। সীমান্তবর্তী উপজেলাগুলোতে অতিরিক্ত চারটি করে প্লাটুন মোতায়েন করা হয়েছে। নির্বাচনের সময় সীমান্তে কঠোর নজরদারির বিষয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পক্ষ থেকেও সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে।
নির্বাচনী অপরাধ দমনে বিজিবির অবস্থান তুলে ধরে তিনি বলেন, নির্বাচন কমিশনের আরপিও ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। কোনো ধরনের সহিংসতা, অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com