রংপুরে সরকারি কর্মচারীদের বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে প্রতীকী অনশন

নিজস্ব প্রতিবেদক: আলামীন, রংপুর
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নসহ এক দফা দাবিতে রংপুরে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, রংপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গতকাল রংপুর প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে খালি প্লেট হাতে নিয়ে অংশ নেন বিভিন্ন দপ্তরের কর্মচারীরা। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দ্রুত সময়ের মধ্যে পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবি জানান।
তাদের দাবির মধ্যে রয়েছে— বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়ন, ১:৪ অনুপাতে ১২ গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন ৩৫ হাজার টাকা বেতন স্কেল নির্ধারণ, দ্রুত পে-স্কেলের গেজেট প্রকাশ এবং আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে বেতন স্কেল কার্যকর করা।
অনশন কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য বেতন কাঠামো থেকে বঞ্চিত। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন পে-স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি।
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কোনো কার্যক্রমে তারা সহযোগিতা করবেন না।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের রংপুর বিভাগীয় জেলা শাখার মুখ্য সমন্বয়ক মাসুদ পারভেজ, রংপুর কালেক্টর চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক তুহিন মিয়া, গোলাম মোস্তফাসহ অন্যান্য নেতৃবৃন্দ।