

আলামীন, রংপুর : “কাস্টমস প্রটেক্টিং সোসাইটি থ্রু ভিজিলেন্স অ্যান্ড কমিটমেন্ট”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রংপুরেও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুরের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
এ উপলক্ষে গতকাল সকালে রংপুর নগরীর কামাল কাছনায় অবস্থিত ‘আগামীর চাষি’ কমিউনিটি সেন্টারের সম্মেলন কক্ষে এক বর্ণাঢ্য সেমিনার অনুষ্ঠিত হয়।
রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার (চলতি দায়িত্ব) মোহাম্মদ সফিউর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপীলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মোহাম্মদ লুৎফর রহমান।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কর অঞ্চল-রংপুরের অতিরিক্ত কর কমিশনার মোঃ মোশাররফ হোসেন, রংপুর রেঞ্জ পুলিশের পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুহাম্মদ আলমগীর হোসেন (পিপিএম) এবং রংপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল সেলিম আল দীন।
এছাড়াও ব্যবসায়ী মহলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এমদাদুল হোসেন, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ নুরুল ইসলাম পটু এবং উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড), নীলফামারীর নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বারসহ অন্যান্য বিশিষ্টজন।
সেমিনারে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিকে ত্বরান্বিত করতে ভ্যাট ও কাস্টমস শুল্কের ভূমিকা অপরিসীম। দেশকে স্বনির্ভর করে গড়ে তুলতে হলে প্রত্যেক নাগরিকের সঠিক নিয়মে ভ্যাট প্রদান নিশ্চিত করা জরুরি। তারা ব্যবসায়ীদের যথাযথভাবে ভ্যাট প্রদানের আহ্বান জানিয়ে বলেন, ভ্যাট প্রদান কোনো বোঝা নয়; বরং এটি দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করার অন্যতম প্রধান হাতিয়ার।
অনুষ্ঠানে কাস্টমস ও ভ্যাট বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com