প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১:০১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩১, ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ণ
রংপুরে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্তদের স্মারকলিপি প্রদান, ভাতা প্রাপ্তির দাবি

আলামীন রংপুর: গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা বাৎসরিক উৎসব ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা প্রদানের দাবিতে রংপুরে স্মারকলিপি প্রদান করেছেন। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রজ্ঞাপন ও পরিপত্র অনুযায়ী সরকারি, আধা-সরকারি ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অবসর-পরবর্তী বিভিন্ন আর্থিক সুবিধা ভোগ করলেও গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্তরা এখনো সেই সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।
তারা জানান, ২০১৬ সালের সরকারি প্রজ্ঞাপনসহ সংশ্লিষ্ট নীতিমালার আওতায় অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উৎসব ভাতা, চিকিৎসা ভাতা ও অন্যান্য বকেয়া সুবিধা পেলেও গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।
স্মারকলিপিতে আরও বলা হয়, অনেক কর্মকর্তা-কর্মচারী ন্যূনতম ১০ বছর চাকরি শেষে বিভিন্ন কারণে আগাম অবসর নিতে বাধ্য হয়েছেন। জীবনের গুরুত্বপূর্ণ সময় গ্রামীণ ব্যাংকের উন্নয়নে ব্যয় করলেও বর্তমানে তারা পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন।
অবসরপ্রাপ্তদের অভিযোগ, প্রয়োজনীয় চিকিৎসা সেবার অভাবে ইতোমধ্যে অনেকেই মৃত্যুবরণ করেছেন এবং তাদের পরিবারগুলো চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।
এ অবস্থায়, সংশ্লিষ্ট প্রজ্ঞাপন অনুযায়ী অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত উৎসব ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। একই সঙ্গে বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে জোর আবেদন জানানো হয়েছে।
রংপুর বিভাগীয় কমিটির সভাপতি মোঃ মোজাহারুল ইসলাম সরকারের নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়।
আয়োজনে ছিল গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ।
প্রকাশক : নাজমুল হোসেন
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com
©২০২৬. সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। ভোরের পত্রিকা।