যশোরে মে দিবসের র‍্যালি উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

যশোর প্রতিনিধি : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শাহাদত বরণ করেছেন তাদের অধিকাংশই শ্রমিক। শ্রমিকদের কর্মসংস্থান ফিরিয়ে দিতে এবং বন্ধ হয়ে যাওয়া সরকারি কলকারখানা পুনরায় চালুর বিষয়ে সরকার উদ্যোগ নিয়েছে।

শুক্রবার (১ মে) সকালে যশোর জেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবস উপলক্ষে র‍্যালি-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে কাজ করছে। পাশাপাশি কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠীর পরিবারে সচ্ছলতা আনার চেষ্টা চলছে। তিনি আরও জানান, কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদমুক্ত করার পাশাপাশি হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আগামী তিন মাস বিশেষ খাদ্য সহায়তা দেওয়া হবে।

তার মতে, এসব উদ্যোগ একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সহায়ক হবে।

পরে তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে মে দিবসের বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করেন। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রফিকুল হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতারা।