
সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত সরকারের সময়ে স্বাস্থ্যখাতে সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের কারণে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছিল। সেই অবস্থা থেকে উত্তরণে বর্তমান সরকার চিকিৎসাসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে।
তিনি আরও বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ৫০ শয্যার হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করা হয়েছে। বর্তমান চিকিৎসাসেবার মানোন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করতে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ শনিবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনের সময় মন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় হাসপাতালে বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি দেখে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "আমার দেশের দরিদ্র মানুষ ওষুধ পায় না, আর এখানে লক্ষ লক্ষ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ! বাথরুমেও ছড়াণো-ছিটানো সরকারি ওষুধ।" হাসপাতালের এ সমস্ত অনিয়ম দেখে ঘটনাস্থলেই তিনি সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এ সময় তিনি পার্শ্ববর্তী একটি বেসরকারি ক্লিনিকও পরিদর্শন করেন।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রসঙ্গে মন্ত্রী জানান, কিছুদিনের মধ্যেই স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০১ শয্যার টেন্ডার প্রক্রিয়ায় কার্যক্রম শুরু করবে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মো. নাসের রিকাবদার, মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি, মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোড়েলগঞ্জ হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বিকেলে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com