মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা, কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ সপ্তাহ আগে

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী | গবেষণা ও উদ্ভাবনের সুরক্ষা নিশ্চিত করতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সঙ্গে পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের (ডিপিডিটি) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে নোবিপ্রবির পক্ষে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী এবং ডিপিডিটির পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসাইন।

সমঝোতা স্মারক স্বাক্ষরের পর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলে (আইকিউএসি) ‘পেটেন্টস টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সাপোর্ট সেন্টার (টিআইএসসি) সার্ভিসেস’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও গবেষকরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, এই যৌথ অংশীদারিত্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের উদ্ভাবন ও গবেষণার আইনি সুরক্ষা পাওয়া সহজ হবে। গবেষণায় কারো মৌলিক অবদান যেন অন্য কেউ নিজের দাবি করতে না পারে, তা নিশ্চিত করতেই এই চুক্তি। তিনি বলেন, ‘আমরা শুধু চুক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই না। সরকারের ভিশনকে সামনে রেখে দ্রুতই নোবিপ্রবিতে টিআইএসসি স্থাপনের জন্য প্রয়োজনীয় জনবল ও অবকাঠামো প্রস্তুত করা হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, এই চুক্তির মাধ্যমে গবেষকদের মেধা ও কঠোর পরিশ্রমের জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া সহজ হবে।

ডিপিডিটির মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসাইন বলেন, ‘বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষক ও উদ্ভাবকদের পেটেন্ট ও ট্রেডমার্ক নিবন্ধনে সহযোগিতা দিতে আমরা কাজ করছি। এখানে ইনোভেশন সাপোর্ট সেন্টার প্রতিষ্ঠিত হলে গবেষণা ও উদ্ভাবনের পরিবেশ আরও শক্তিশালী হবে।’

নোবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও টিআইএসসির ফোকাল পয়েন্ট অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ বলেন, টিআইএসসি শিক্ষক-শিক্ষার্থীদের উদ্ভাবনের পেটেন্ট অনুসন্ধান ও প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে গবেষণাকে বাণিজ্যিক রূপ দিতে সেতুবন্ধন হিসেবে কাজ করবে। এর মাধ্যমে বিশ্ব মেধা সম্পদ সংস্থার (ওয়াইপো) সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ডিপিডিটির উপ-পরিচালক মো. হাবিবুর রহমান এবং লুব-রেফ বাংলাদেশ লিমিটেডের পরিচালক মো. সালাউদ্দিন ইউসুফ।