
নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নে মেঘনা–ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ রক্ষায় চলমান উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে আকস্মিক পরিদর্শনে গিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে তিনি আকস্মিকভাবে নির্মাণস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি প্রকল্পে ব্যবহৃত ইট, বালু ও পাথরের নিম্নমান এবং কাজের বিভিন্ন অসঙ্গতি দেখতে পান বলে জানা গেছে।
পরে তিনি তাৎক্ষণিকভাবে মেঘনা–ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সেলিম সাহেদকে ফোন করে সংশ্লিষ্ট কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।
জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে আমিরাবাদ বাজার সংলগ্ন ৭৫ মিটার এলাকায় কাজটি বাস্তবায়ন করছে শহীদ ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
পরিদর্শন শেষে সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, “জনস্বার্থ সংশ্লিষ্ট উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ সহ্য করা হবে না। জনগণের টাকায় বাস্তবায়িত প্রকল্পে স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করতে হবে। অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান শহীদ ব্রাদার্সের প্রতিনিধি জাফরিল চৌধুরী বলেন, “সংসদ সদস্য আমাদের কাজ পরিদর্শন করেছেন। আমরা তাঁর নির্দেশনার বাইরে নই। কোথাও ত্রুটি থাকলে তা দ্রুত সংশোধন করা হবে।”
মেঘনা–ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সেলিম সাহেদ বলেন, “আমি আগে থেকেই কিছু নিম্নমানের উপকরণ দেখতে পেয়ে ব্যবস্থা নিয়েছিলাম। এমপি মহোদয়ের পরিদর্শনের পর সংশ্লিষ্ট স্থানের কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে।”
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এলাকাবাসী প্রকল্পের কাজে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com