
নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা নদীতে বজ্রপাতে মো. সেলিম (৪৫) নামের বালুবাহী একটি বাল্কহেডের সুকানি (চালক) নিহত হয়েছেন। এ ঘটনায় মো. সুমন নামের বাল্কহেডের এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
গত মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় চাঁদপুরের মেঘনা নদীর কামরাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম কমলনগর উপজেলার পাটারিরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. মোস্তফার ছেলে। তিনি ছয় সন্তানের জনক ছিলেন।
গতকাল বুধবার (১০ জুন) সকাল ১০টায় জানাজা শেষে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত সেলিমের ভাতিজা শাহেদ ঢাকার একটি কোম্পানির কাছ থেকে বালুবাহী বাল্কহেডটি ভাড়া নিয়ে পরিচালনা করতেন। সাধারণত শাহেদ নিজেই জাহাজটির সুকানি হিসেবে দায়িত্ব পালন করতেন। তবে মঙ্গলবার তিনি তার চাচা সেলিমকে দায়িত্ব দিয়ে বাল্কহেডটি চাঁদপুর থেকে হাজীগঞ্জের উদ্দেশ্যে পাঠান। পথিমধ্যে জাহাজটি কামরাঙ্গী এলাকায় পৌঁছালে আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সেলিমের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন শ্রমিক সুমন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের ভাতিজা শাহেদ বলেন, "আমি নিজেই বাল্কহেডটির সুকানির দায়িত্ব পালন করতাম। মঙ্গলবার চাচাকে দায়িত্ব দিয়ে পাঠিয়ে আমি পিছনের আরেকটি বাল্কহেডে আসছিলাম। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই চাচা মারা যান এবং সুমন আহত হন।"
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com