
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : ২০২৫–২০২৬ অর্থবছরে মৎস্য অধিদপ্তর-এর আওতাধীন ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’-এর অংশ হিসেবে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় দুই মাস সব ধরনের মাছ আহরণ বন্ধ রাখার সিদ্ধান্ত জানাতে লক্ষ্মীপুরে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীর হাট মাছ ঘাটে এ সভার আয়োজন করে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। আগামী ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনা নদীর নির্ধারিত অভয়াশ্রম এলাকায় জাটকা, ইলিশসহ সব ধরনের মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে সভায় জানানো হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসাইন। সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নৌ পুলিশ ইনচার্জ আজিজুল হক এবং বাংলাদেশ কোস্ট গার্ড-এর কন্টিজেন্ট কমান্ডার মঈন উদ্দিন। এ সময় জেলার বিভিন্ন এলাকার জেলে ও মৎস্য আড়তদারেরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, ইলিশ দেশের জাতীয় সম্পদ। জাটকা রক্ষা করতে পারলে ভবিষ্যতে উৎপাদন বাড়বে এবং জেলেদের আয়ও বৃদ্ধি পাবে। তিনি নিষেধাজ্ঞা চলাকালে কোনোভাবেই নদীতে মাছ ধরতে না যাওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মো. মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, সরকার নির্ধারিত সময়ে অভয়াশ্রম এলাকায় মাছ ধরা সম্পূর্ণ বন্ধ থাকবে। আইন অমান্য করলে জেল, জরিমানা ও জাল জব্দসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি জেলেদের সহযোগিতা কামনা করেন।
নৌ পুলিশ ও কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত টহল জোরদার করা হবে। প্রশাসনের পাশাপাশি জেলেদের সচেতন অংশগ্রহণই এ কর্মসূচির সফলতার মূল চাবিকাঠি বলে তাঁরা উল্লেখ করেন।
উপস্থিত জেলেরা বলেন, ইলিশ সংরক্ষণে সরকারের উদ্যোগ তারা সমর্থন করেন। তবে নিষেধাজ্ঞা চলাকালে বিকল্প কর্মসংস্থান ও সহায়তা আরও বাড়ানোর দাবি জানান তাঁরা।
মৎস্য কর্মকর্তারা জানান, মেঘনার অভয়াশ্রম এলাকায় নির্ধারিত সময়ে মাছ আহরণ বন্ধ রাখার মাধ্যমে ইলিশের প্রজনন ও জাটকা সংরক্ষণ নিশ্চিত করা সম্ভব হবে। এতে দীর্ঘমেয়াদে ইলিশ উৎপাদন বৃদ্ধি পাবে এবং জেলেদের জীবিকা আরও টেকসই হবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com