মিরাজের ফাইফারে পাকিস্তান গুটিয়ে ৩৮৬, বাংলাদেশের লিড ৩৪ রান

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ মাস আগে

খেলা ডেস্ক : মিরপুর টেস্টের তৃতীয় দিনে বৃষ্টি, আলোস্বল্পতা আর নাটকীয়তায় জমে উঠেছে বাংলাদেশ-পাকিস্তান লড়াই। এক সময় পাকিস্তান বড় লিডের পথে এগোলেও বৃষ্টির পর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে ৩৮৬ রানে গুটিয়ে যায় সফরকারীরা। প্রথম ইনিংসে ২৭ রানের লিড পায় বাংলাদেশ। দিন শেষে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৭ রান করেছে স্বাগতিকরা।

সোমবার দিনের খেলা শেষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৩৪ রান। উইকেটে অপরাজিত আছেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম।

তৃতীয় দিনের শুরুতে ১ উইকেটে ১৭৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। দিনের শুরুতেই তাসকিন আহমেদের আঘাতে ম্যাচে ফেরে বাংলাদেশ। অভিষেক টেস্টে সেঞ্চুরি করা আজান আওয়াইসকে ফিরিয়ে টেস্টে নিজের ৫০তম উইকেট পূর্ণ করেন তাসকিন। ১৫৩ বলে শতক হাঁকানোর পর ১০৪ রান করে বিদায় নেন আজান। এরপর দ্রুতই অধিনায়ক শান মাসুদকে (৯) ফেরান এই পেসার।

এরপর স্পিনে জাদু দেখান মেহেদী হাসান মিরাজ। সৌদ শাকিলকে শূন্য রানে এলবিডব্লিউ করার পর আব্দুল্লাহ ফজলকেও ফেরান তিনি। মধ্যাহ্ন বিরতিতে পাকিস্তানের সংগ্রহ ছিল ৫ উইকেটে ২৫১ রান।

চাপের মুখে দলকে টেনে তোলেন সালমান আলী আঘা ও মোহাম্মদ রিজওয়ান। দুজনের ১১৯ রানের জুটিতে লিডের স্বপ্ন দেখতে শুরু করে পাকিস্তান। রিজওয়ান ৭৯ বলে ৫৯ ও সালমান ৯৪ বলে ৫৮ রান করেন। তবে বৃষ্টির পর বদলে যায় দৃশ্যপট।

বিকেলে খেলা শুরু হতেই নাহিদ রানার গতির ঝড়ে ফেরেন সালমান। এরপর মিরাজ একের পর এক আঘাতে গুঁড়িয়ে দেন পাকিস্তানের লেজের সারি। শাহীন শাহ আফ্রিদিকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারের ১৪তম পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৫ উইকেটে ৩৪৯ রান থেকে পাকিস্তান অলআউট হয় ৩৮৬ রানে। শেষ ৫ উইকেট হারায় মাত্র ৩৭ রানে।

মিরাজ নেন ৫ উইকেট, তাসকিন ও তাইজুল দুটি করে উইকেট শিকার করেন।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মাত্র ১.৫ ওভার খেলার পর আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ ঘোষণা করেন আম্পায়াররা। এ সময় পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ও পেসার শাহীন শাহ আফ্রিদি আরও কিছুক্ষণ খেলা চালিয়ে যাওয়ার দাবি জানালেও আম্পায়াররা সিদ্ধান্ত বদলাননি।

চতুর্থ দিনের খেলা শুরু হবে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে, সকাল পৌনে ১০টায়।