

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ প্রতিনিধি :
রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার ভিড়েছে টেকনাফে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।
তারা আরও জানান, ট্রলারটিতে নারী-পুরুষ ও শিশু মিলিয়ে অন্তত দেড়শ জন ছিলেন।
টেকনাফের মহেষখালী পাড়ার ইউনিয়ন পরিষদের সদস্য জহীর আহমদ বলেন, "সাগরে তিন দিন কাটানোর পর বৃহস্পতিবার ভোরে সৈকতের কাছাকাছি এলে জেলেরা ট্রলারটি টেনে টেকনাফ মেরিন ড্রাইভ সৈকতে তোলে। রোহিঙ্গারা যে যার মতো চলে গেছেন। বিষয়টি আমি প্রশাসন অবহিত করেছি।"
রোহিঙ্গারা জানান, তারা সবাই ক্যাম্পের বাসিন্দা। টেকনাফে ফেরার পরে স্থানীয় দালালরা তাঁদের অনেককে জোর করে পাহাড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
মেরিন ড্রাইভে বসে ছিলেন হামিদ হোসেন। তাঁর পাশে সাত শিশু ও পাঁচ নারী বসে কান্নাকাটি করছিলেন। তারা সবাই উখিয়া বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
বেনারের সঙ্গে আলাপকালে হামিদ বলেন, "ক্যাম্পের পরিস্থিতি খুব খারাপ, প্রতিদিন খুন হচ্ছে। সে কারণে ক্যাম্প থাকে বেরিয়ে উন্নত জীবনের আশায় সাগরপথে মালয়েশিয়া পাড়ি দিচ্ছিলাম। আমরা ট্রলারে প্রায় দেড়শ জন ছিলাম। আমার পরিবারের ছয় জন ছিল।
তাঁর ভাষ্য, ক্যাম্প থেকে বের হয়ে দালালদের মাধ্যমে টেকনাফের একটি পাহাড়ে পাঁচ দিন ছিলেন তাঁরা। সেখান থেকে ছোট নৌকায় সাগরে থেকে ট্রলারে ওঠেন।
"মাঝিরা ইন্দোনেশিয়ায় নিয়ে যাওয়ার কথা বলে সাগরে তিন দিন ঘুরাঘুরি করে। এক পর্যায়ে কূলের কাছকাছি এসে মাঝি-মল্লারা ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। মূলত আমরা মালয়েশিয়ার উদ্দেশে ইন্দোনেশিয়া যাত্রা করেছিলাম," বলেন তিনি।
জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, "সাগরপথে মালয়েশিয়াগামী একটি যাত্রীবাহী ট্রলার টেকনাফ কূলে ফিরে আসার খবর শুনেছি। বিষয়টি কোস্ট গার্ড দেখছে।"
এ প্রসঙ্গে টেকনাফ কোস্ট গার্ডের স্টেশন কর্মকর্তা লে. কমান্ডার সোলেমান কবির জানান, "এ ধরনের একটি সংবাদ আমরা পেয়েছি। ট্রলার পাওয়া গেলেও যাত্রীর খোঁজ পাওয়া যায়নি। আমরা খোঁজ-খবর নিচ্ছি।"
মালয়েশিয়া যাওয়া চেষ্টকালে সাগরে তিনদিন ভাসার পর কূলে ফিরে সন্তান কোলে দাঁড়িয়ে আছেন একজন রোহিঙ্গা।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com