
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : রাজধানীর মিরপুর-১-এর জমজম কনভেনশন হলে শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিত হয়েছে হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের ১১তম বার্ষিক সাধারণ সভা ও মাইজভাণ্ডারী খলিফা সম্মেলন। সম্মেলনে বক্তারা সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় মাইজভাণ্ডারী আদর্শের যথাযথ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি ও চেয়ারম্যান এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী (ম.জি.আ.)।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘মাইজভাণ্ডারী তরিকা মানবপ্রেম, সহনশীলতা, আত্মশুদ্ধি ও মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের শিক্ষা দেয়। বর্তমান সময়ে সমাজে মানবিক চেতনা প্রতিষ্ঠায় এই আদর্শকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। ট্রাস্টের সেবামূলক ও কল্যাণধর্মী কার্যক্রম বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট কাজী মহসিন চৌধুরী বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি বলেন, গত এক বছরে ট্রাস্টের সাংগঠনিক সম্প্রসারণ, শিক্ষা, মানবকল্যাণ ও সামাজিক সেবামূলক উদ্যোগে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। ভবিষ্যতে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ট্রাস্টের কার্যক্রমকে আরও জনকল্যাণমুখী করা হবে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন। এছাড়া আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়াসহ বিভিন্ন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সারা দেশ থেকে আগত প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। বক্তারা শিক্ষা, যুবসমাজের নৈতিক উন্নয়ন এবং অসহায় মানুষের সেবায় ট্রাস্টের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা মুফতি এইচএম মাকসুদুর রহমান ও দিদার হোসেন রিমন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com