
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘মাদকের সঙ্গে সন্ত্রাস জড়িত। রাহাজানি, চুরি, ডাকাতি, টাউটারি—সবই মাদকের সঙ্গে সম্পর্কিত। তাই সমাজ থেকে মাদক দূর করে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। এটি এখন আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ।’
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামে আস-সুফফা যুব ফাউন্ডেশনের আয়োজনে ক্বেরাত ও আযান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, ‘১৭ বছর ধরে নির্বাচনের সুযোগ হয়নি। যারা এতদিন ক্ষমতায় ছিল, তারা গণশত্রুতে পরিণত হয়েছে। তারা লুটপাট ও দুর্নীতি করেছে। জনগণের প্রত্যাশা এখন অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে।’
দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দলের নাম ব্যবহার করে কেউ অনিয়ম করলে তাদের জন্য বিএনপিতে কোনো সুযোগ রাখা হবে না। যেহেতু মানুষের প্রত্যাশা সবচেয়ে বেশি বিএনপির প্রতি, তাই প্রতিটি পদক্ষেপ হতে হবে জনগণের কল্যাণে।’
তিনি আরও বলেন, ‘দেশে এখনো নির্বাচন হয়নি, ষড়যন্ত্র চলছে। এই সমাজ আমাদেরই—আমাদেরই রক্ষা করতে হবে। আলোর বার্তা সমাজে এমনভাবে ছড়িয়ে দিতে হবে, যেন মাদক বড় ব্যাধি হয়ে না দাঁড়ায়।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আস-সুফফা যুব ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সামছুল আলম লিটু। সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুহাম্মদ ঈসমাইল, জেলা বিএনপির সদস্য সচিব হাসিবুর রহমান, লাহারকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মহব্বতসহ স্থানীয় নেতারা।
