মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে : এ্যানি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৮ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলনের বিকল্প নেই উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘মাদক প্রতিরোধ একার পক্ষে সম্ভব নয়। সবার সম্মিলিত উদ্যোগে মাদকের বিরুদ্ধে সমাজব্যাপী আন্দোলন গড়ে তুলতে হবে।’

রোববার দুপুরে লক্ষ্মীপুর টাউন হল অডিটরিয়ামে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ্যানি বলেন, ‘মাদকের সঙ্গে সন্ত্রাস, চুরি, ডাকাতি, রাহাজানিসহ নানা অপরাধ জড়িত। যারা মাদক সেবন করে বা ব্যবসায় জড়িত, তারা সমাজের জন্য বড় হুমকি। মাদক নির্মূলে আমরা কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করেছি। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এই আন্দোলনকে আরও শক্তিশালী করতে চাই।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি মো. ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি। সঞ্চালনা করেন মো. কামরুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ অধ্যাপক মাঈন উদ্দিন পাঠান, মুনসুর আহমেদ ও মঞ্জুরুল হাসান।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব দেখানো শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।