
নিজস্ব প্রতিবেদক, রায়পুর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। পৌর শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ নানা ধরনের নেশাজাতীয় দ্রব্যের কারবার। আর এই মাদকের সহজলভ্যতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উঠতি বয়সী তরুণ সমাজ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পৌর শহরের নতুন বাজার, খেজুরতলা, টিসি রোড, মুচিপট্টি, বাসস্ট্যান্ড, পীর ফজলুল্লা সড়কসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের অন্তত ১৫টি স্পটে প্রকাশ্যে ও গোপনে মাদক বেচাকেনা চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, মাদকের কারবারিরা কম দামে ইয়াবা কিনে কয়েক গুণ বেশি লাভে তা ছড়িয়ে দিচ্ছে। সহজে অর্থ উপার্জনের নেশায় তরুণদের অনেকেই এখন মাদক কেনাবেচায় জড়িয়ে পড়ছে।
মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান চললেও তা যেন অনেকটাই 'মশা মারতে কামান দাগা'র মতো। গ্রেপ্তার হওয়ার পর জামিনে বেরিয়ে অনেক পুরোনো কারবারি পুনরায় একই ব্যবসায় জড়িয়ে পড়ছে।
এ বিষয়ে রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান 'জিরো টলারেন্স'। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। সামাজিক আন্দোলন ও সম্মিলিত প্রচেষ্টায় মাদকের এই বিষবৃক্ষ উপড়ে ফেলা সম্ভব হবে।”
মাদকবিরোধী অভিযানের বর্তমান পরিস্থিতি নিয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, “মাদক বিক্রির বেশ কয়েকটি স্পট আমরা চিহ্নিত করেছি। পুলিশের ধারাবাহিক অভিযানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে মাদক নির্মূলে পুলিশি অভিযানের পাশাপাশি পরিবার ও সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা একান্ত প্রয়োজন।”
স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, কেবল পুলিশি অভিযান দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়। এর জন্য পারিবারিক নজরদারি বাড়ানোর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাদকবিরোধী প্রচারণা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদার করা জরুরি। তরুণ সমাজকে মাদকের এই ভয়াল থাবা থেকে রক্ষা করতে না পারলে ভবিষ্যতে বড় ধরণের সামাজিক বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com