মাকে হারিয়ে প্রথম মা দিবসে আবেগঘন অর্ষা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ মাস আগে

‘কেন এত তাড়াতাড়ি চলে গেলে মা?’

বিনোদন ডেস্ক : মা হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। গত বছরের ২০ জুন মায়ের মৃত্যুর পর এবারই প্রথম মা দিবস কাটছে তাঁকে ছাড়া। বিশেষ এই দিনে মাকে স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন এই অভিনেত্রী।

মা দিবস উপলক্ষে সমকালকে দেওয়া এক সাক্ষাৎকারে অর্ষা বলেন, “গত ২০ জুন মা মারা গেছেন। তাই মা হারানোর কষ্টটা এখনো তাজা। আমার জীবনে ফুল কিনে দিলে মাকেই দিয়েছি। বর্ষাকালে শুটিংয়ে আসা-যাওয়ার পথে কদম কিংবা বেলি ফুল কিনে মাকে দিতাম। পরে দেখতাম, মা খুব যত্ন করে ফুলগুলো রেখে দিতেন। এবার আর সেটা হচ্ছে না। এবারের মা দিবসটা সত্যিই আমার জন্য বেদনার।”

অর্ষা জানান, তিনি নন-মিডিয়া পরিবার থেকে উঠে এসেছেন। অভিনয়জগতে নিজের জায়গা তৈরি করতে তাঁকে অনেক সংগ্রাম করতে হয়েছে। সেই কঠিন সময়ে সবচেয়ে বড় সমর্থন ছিলেন তাঁর মা।

তিনি বলেন, “শুরুর দিকে বাবা মিডিয়াতে কাজ করাকে খুব একটা সমর্থন দিতেন না। কিন্তু মা আমাকে নিয়ে বিভিন্ন অফিসে ঘুরেছেন, সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। আমার পাশে থেকেছেন সবসময়।”

একসময় অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন অর্ষা। তবে মায়ের উৎসাহেই আবার নতুনভাবে পথচলা শুরু করেন তিনি। পরে ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় তৃতীয় রানারআপ হন এবং সেখান থেকেই তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরে যায়।

অর্ষা বলেন, “লাক্স তারকা হওয়ার আগে কাজ করে পেতাম ৫০০ টাকা, অথচ যাতায়াত খরচই হতো প্রায় এক হাজার টাকা। অনেক সময় মায়ের জমানো টাকা দিয়ে কাজে যেতে হতো। এসব কারণে একসময় বিরক্ত হয়ে হাল ছেড়ে দিতে চেয়েছিলাম। কিন্তু মা আমাকে থামতে দেননি। তিনি বলেছিলেন, ‘আরেকটু ধৈর্য ধর, সবকিছু হবে।’ এরপরই সময় বদলাতে শুরু করে।”

মায়ের সঙ্গে নিজের সম্পর্কের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এই অভিনেত্রী। তিনি বলেন, “পড়াশোনার বিষয়ে মা কখনো আমাদের তিন বোনকে নিয়ে দুশ্চিন্তা করতেন না। আমাদের ওপর তাঁর অগাধ বিশ্বাস ছিল যে আমরা ভালো করব। আজ মা দিবসে শুধু বলতে চাই—কেন এত তাড়াতাড়ি চলে গেলে মা?”