
চাঁদপুর প্রতিনিধি : নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অভিযোগে চাঁদপুরের মতলব উত্তরে ১৪ জেলেকে সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ মার্চ) বিকেলে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে অভিযান পরিচালনা করে উপজেলা টাস্কফোর্স। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ। আদালত আটক ১৪ জেলেকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন— নুর মোহাম্মদ (২৭), ইকবাল হোসেন (২০), আলাউদ্দিন (৩৬), কামাল হোসেন (৪০), মো. ফিরোজ (৪৪), খলিল হোসেন (৩০), সুমন (৩৫), নবীর হোসেন (৩৫), মো. সাগর (২০), মো. জামাল (২৮), ইমাম হোসেন (১৯), আবুল হোসেন (৪৩), হানিফা (৩৫) ও আল আমিন (২১)। তাঁদের বাড়ি চাঁদপুর সদর, মতলব উত্তর ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকায়।
অভিযানকালে একটি বেহুন্দী জাল, একটি চাপ জাল এবং প্রায় ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পাশাপাশি চারটি মাছধরা নৌকা ও চারটি অ্যাংকরও জব্দ করা হয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। নৌকা ও অ্যাংকরগুলো বাংলাদেশ নৌ পুলিশ–এর হেফাজতে রাখা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস এবং মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আহসান হাবিবসহ পুলিশ সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ বলেন, ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিষেধাজ্ঞা অমান্য করে কেউ জাটকা শিকার করলে তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জাটকা সংরক্ষণ কর্মসূচি সফল করতে সরকার নির্ধারিত সময়ে নদীতে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। অভয়াশ্রম এলাকায় কেউ অবৈধভাবে জাল ফেলে মাছ শিকার করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com