
শিক্ষকদের উপস্থিতি নজরদারির প্রকল্পে ‘ব্যর্থতা’ ও অনিয়মের অভিযোগ
নাজমুল হোসেন : শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্থাপন করা বায়োমেট্রিক হাজিরা মেশিন এখন কার্যত অচল হয়ে পড়েছে। প্রায় আট বছর আগে কোটি টাকা ব্যয়ে স্থাপন করা এসব মেশিন শিক্ষার মানোন্নয়নে কোনো ভূমিকা রাখতে পারেনি বলে অভিযোগ উঠেছে।
উপজেলার ১৮০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৮-১৯ অর্থবছরে এসব বায়োমেট্রিক মেশিন স্থাপন করা হয়। প্রতিটি মেশিনের জন্য বিদ্যালয় ফান্ড থেকে ২৬ থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত ব্যয় করা হয়। তবে বাজারে একই ধরনের মেশিনের দাম ছিল প্রায় পাঁচ থেকে ছয় হাজার টাকা—এ নিয়ে শুরু থেকেই অনিয়মের অভিযোগ ছিল।
সরেজমিনে একাধিক বিদ্যালয়ে দেখা গেছে, কোথাও মেশিনটি নেই, কোথাও আবার প্রধান শিক্ষকের কক্ষে পড়ে থাকলেও সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। যেসব বিদ্যালয়ে ডেটাবেজ সংযোগ ছিল, সেখানেও দীর্ঘদিন ধরে মেশিনগুলো অচল।
শিক্ষকেরা জানান, শুরুতে কিছুদিন মেশিন চালু থাকলেও নিম্নমানের হওয়ায় দ্রুতই তা নষ্ট হয়ে যায়। পরে আর মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। এরই মধ্যে ওয়ারেন্টির মেয়াদও শেষ হয়ে গেছে।
স্থানীয়দের অভিযোগ, সরকারি অর্থ ব্যয়ে কেনা এসব যন্ত্র কার্যত কোনো কাজে আসেনি। তাঁদের প্রশ্ন, জনগণের টাকায় কেনা যন্ত্র যদি ব্যবহৃত না হয়, তাহলে এর দায় কে নেবে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রধান শিক্ষক অভিযোগ করেন, মেশিন ক্রয় প্রক্রিয়ায় একটি সিন্ডিকেট সক্রিয় ছিল। তাদের মাধ্যমে নিম্নমানের পণ্য উচ্চমূল্যে সরবরাহ করা হয়। তাঁদের দাবি, এর পেছনে স্থানীয় প্রভাবশালী একটি মহলের সম্পৃক্ততা ছিল।
গজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম বলেন, “প্রয়োজনীয় সংযোগ না থাকায় মেশিনটি শুরু থেকেই অচল। বাস্তবতা যাচাই ছাড়াই এমন প্রকল্প বাস্তবায়ন হওয়ায় কোনো সুফল পাওয়া যায়নি।”
ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশিকুজ্জামান বলেন, “প্রথম থেকেই মেশিনটি অকার্যকর ছিল। কোনো কারিগরি সহায়তা বা নজরদারি না থাকায় এটি এখন সম্পূর্ণ অকেজো। এটি কার্যত সরকারি অর্থের অপচয়।”
এ বিষয়ে মতলব উত্তর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুনুর রশিদ মোল্লা বলেন, প্রকল্পটি তার যোগদানের আগের হলেও বর্তমানে কোনো বিদ্যালয়েই বায়োমেট্রিক হাজিরা মেশিন সচল নেই।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com