ভূঞাপুরে নসিমনের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা ছাত্রের

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

শেখ রুবেল, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

টাঙ্গাইলের ভূঞাপুরে বাঁশবোঝাই নসিমনের সঙ্গে প্যাটেলচালিত সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. হুজাইফা আলিফ (১২) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় নসিমনটি পুলিশ আটক করে নিয়ে গেলেও চালক পালিয়ে গেছে। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে ভূঞাপুর-গোবিন্দাসী আঞ্চলিক সড়কের বাগবাড়ি মনির চেয়ারম্যানের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশু মো. হুজাইফা আলিফ উপজেলার ভাদুরীচর পশ্চিম পাড়া গ্রামের এখলাছের মিয়ার ছেলে এবং সে শালদাইর হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের একজন ছাত্র। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ভূঞাপুর দিক থেকে একটি বাঁশবোঝাই নসিমন আসছিল এবং গোবিন্দাসী বাজার থেকে একটি প্যাটেলচালিত সাইকেল চালিয়ে বাড়ির দিকে ফিরছিল আলিফ। পথিমধ্যে বাগবাড়ি মনির চেয়ারম্যানের বাড়ি সামনে পৌছলে ওই নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে প্যাটেলচালিত সাইকেলের সঙ্গে সংঘর্ষ লাগে। এতে আলিফ নামের শিশুটি গুরুতর আহত হয়। এরপর স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভ্যানযোগে ভূঞাপুর হাসপাতালে পাঠায় এবং পরে সেখানের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।