

রিয়াজুল ইসলাম রিয়াজ,নাটোর
নাটোরের বাগাতিপাড়ার জয়ন্তীপুর গ্রামে বিয়ে বাড়িতে গান বাজানোর জেরে মারপিটের পর নবদম্পতির বাসর ঘর ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত আব্দুল আওয়াল শাহ্ কে গ্রাম্যবিচারে ৩৫ হাজার টাকা জরিমানা এবং ৫টি জুতাপেটা করা হয়েছে। শনিবার রাতে আয়োজিত বিচারে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়। এরআগে শুক্রবার রাতে ওই গ্রামে বাসর ঘর ভাংচুর ও মারপিটের ঘটনা ঘটে। তথ্যমতে, শুক্রবার সকালে জয়ন্তীপুর গ্রামের মিন্টু আলী শাহ্ এর ছেলে আরাফাত শাহ্ (২১) এর বিয়ে হয় পাশের লালপুর উপজেলার ওয়ালিয়া ছোটময়না গ্রামের আব্দুল মজিদের মেয়ের সাথে। বিয়ের আগের দিন থেকে ওই উৎসব উপলক্ষে তরুণ স্বজনরা সাউন্ডবক্সে গান বাজানোর পাশাপাশি নাচানাচি ও হৈ হুল্লোর করছিল। নববধুসহ বরযাত্রী বাড়ি ফেরার পর তরুণ স্বজনরা আবারও সাউন্ডবক্সে উচ্চ শব্দে গান বাজাতে থাকলে বরের চাচা আব্দুল আওয়াল শাহ্ বরের বাবাসহ সকলকে ওই উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করে। ওই সময় সাউন্ড কম দিয়ে গান বাজাতে থাকে তরুণরা। এরই ধারাবাহিকতায় রাত সাড়ে ১০ টার দিকে ওই বাড়িতে রাগান্বিত হয়ে আসেন বরের চাচা আওয়াল শাহ্, তার ছেলে ও অনুসারীরা। তারা ওই বাড়িতে এসেই বরকে মারপিট করে। এরপর বরকে বাসর ঘর থেকে বের করে দিয়ে ভাঙচুর চালায়। ওই সময় বাধা দিতে এলে বরের মা ও নানীসহ কয়েকজনকে মারপিট করে তারা।
স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, ওই মিমাংসায় সাবেক ইউপি মেম্বর জলিল, গ্রাম প্রধান রব হাজীসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। শালিসী রায়ে আওয়ালকে ৫টি জুতার বাড়ি ও ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বরের বাবা মিন্টু আলী শাহ্ বিষয়টি নিশ্চিত করে জানান, ওই টাকার মধ্যে ক্ষতিগ্রস্ত বাসর ঘরের সংস্কার ও বরের নানীর চিকিৎসা বাবদ ১০ হাজার টাকা তারা রেখে, বাকি ২৫ হাজার টাকা পাশ্ববর্তী জয়ন্তীপুর মাদ্রাসায় দান করা হবে বলে জানান তিনি ।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com