

লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় বসতঘরের পাকা ভবন নির্মাণে পিলারের জন্য খোঁড়া গর্তে জমে থাকা পানিতে পড়ে তাহিয়া আক্তার (৫) ও মো. আবদুল্লাহ (৩) নামে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়।
গতকাল শনিবার (১১ মে) রাত ৯টার দিকে রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য মাঈনুদ্দিন ভূঁইয়া তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহত তাহিয়া ও আবদুল্লাহ রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের পূর্ব চরসীতা গ্রামের চাকরিজীবী হেলাল উদ্দিনের সন্তান। তাদের মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজনসহ এলাকায় হঠাৎ করে শোকের ছায়া নেমে আসে।
পরিবার সূত্রে জানা যায়, বসতঘরের জন্য পাকা ভবন নির্মাণে পিলারের জন্য বাড়িতে গর্ত খোঁড়া হয়।
গর্তগুলোর গভীরতা প্রায় ৫ ফুট। দুপুরের দিকে রামগতিতে বৃষ্টি হয়। এতে গর্তগুলোতে পানি জমে যায়।
বিকেলে খেলতে গেলে ওই গর্তে পড়ে জমে থাকা পানিতে তাহিয়া ও আবদুল্লাহ ডুবে যায়।
নিহতদের বাবা হেলাল উদ্দিনের বন্ধু আতিকুর রহমান বলেন, তাহিয়া ও আবদুল্লাহকে উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক দুই ভাই-বোনকে মৃত ঘোষণা করেন। তাদের বাবা হেলাল ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
তিনি এলে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
রামগতি চরবাদাম ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য মাঈনুদ্দিন ভূঁইয়া বলেন, ঘটনাটি হৃদয়বিদারক। কিছু বলার ভাষা নেই। নিহতদের পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়ে। দুর্ঘটনাটি সবার হৃদয়ে আঘাত করে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com