
নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর : বীমা দাবির ৬ লাখ টাকা পরিশোধ না করার অভিযোগে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৮ জনের বিরুদ্ধে লক্ষ্মীপুর আদালতে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সদর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের বাসিন্দা শাহজাহান।
আদালত মামলাটি আমলে নিয়ে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণে যা বলা হয়েছে মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী শাহজাহানের স্ত্রী পারভীন আক্তারের নামে ২০২৩ সালের ডিসেম্বরে ১০ বছর মেয়াদে ৬ লাখ টাকার একটি স্বাস্থ্য বীমা পলিসি খোলা হয়। বীমা কর্মকর্তাদের আশ্বাসের প্রেক্ষিতে বাদী গত ২৬ মাস নিয়মিত কিস্তি পরিশোধ করেন। পরবর্তীতে বাদীর স্ত্রী স্ট্রোকে মারা গেলে তিনি লক্ষ্মীপুর শাখায় বীমার মৃত্যুদাবির আবেদন করেন। অভিযোগ অনুযায়ী, কর্মকর্তারা প্রথমে টাকা দেওয়ার আশ্বাস দিলেও পরে নানা অজুহাতে হয়রানি করেন এবং একপর্যায়ে টাকা পরিশোধ করা হবে না বলে জানিয়ে দেন।
বাদী শাহজাহান জানান, বীমা কর্মকর্তারা প্রতারণার আশ্রয় নিয়ে তার বিশ্বাসভঙ্গ করেছেন এবং বীমার অর্থ আত্মসাতের উদ্দেশ্যে দাবি নিষ্পত্তি করছেন না। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ ইস্রাফিল বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিদের পরিচয় মামলার আসামিরা হলেন বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুন্সী মনিরুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আনিছুর রহমান সুমন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সামছুল ইসলাম, লক্ষ্মীপুর কার্যালয়ের ম্যানেজার জাকির হোসেন, ইনচার্জ রিয়াজ হোসেন, হিসাবরক্ষক আয়াত উল্যা ও জকসিন বাজার কার্যালয়ের ইনচার্জ তৈয়ব রহমান।
প্রতিষ্ঠানের বক্তব্য অভিযোগের বিষয়ে জানতে চাইলে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির লক্ষ্মীপুর কার্যালয়ের ডেপুটি প্রজেক্ট হেড মো. জিলকদ হোসেন রিয়াজ বলেন, “পলিসি করার সময় বীমাগ্রহীতা পারভীন আক্তার তার অসুস্থতার তথ্য গোপন করেছিলেন। তিনি দীর্ঘদিন হাঁপানি রোগে আক্রান্ত ছিলেন, যা পলিসি করার সময় জানানো হয়নি। তথ্য গোপন করার কারণেই বীমা দাবিটি বাতিল করা হয়েছে। কারণ, একজন অসুস্থ ব্যক্তির নামে বীমা পলিসি করা নিয়মবহির্ভূত।”
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com