
নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুধের পুষ্টিগুণ, নিরাপদ দুগ্ধ উৎপাদন এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রাণিসম্পদ দপ্তর।
সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০টায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বরিশাল জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সম্মেলন কক্ষে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন মোঃ মাহফুজুল হক। তিনি বলেন, “দুধ একটি আদর্শ ও সুষম খাদ্য। অপুষ্টি দূরীকরণ এবং সুস্থ জাতি গঠনে দুধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ ও মানসম্মত দুধ উৎপাদনে খামারি, উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট সব পক্ষকে একযোগে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. মোঃ নূরুল আলম, ডা. নাসির উদ্দীন আহমেদ এবং অরুণ কুমার সাহা।
সভায় সভাপতিত্ব করেন ডা. মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন ডা. সুশান্ত দাস।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুধ শুধু একটি খাদ্য নয়, এটি মানুষের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষার অন্যতম প্রধান উপাদান। শিশু, কিশোর, গর্ভবতী নারী ও বয়স্কদের জন্য নিয়মিত দুধ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে দুধ উৎপাদন এবং দুগ্ধজাত পণ্যের মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বরিশাল জেলার প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ডেইরি ও পোল্ট্রি খামার মালিক, খামারি, ভেটেরিনারি ওষুধ কোম্পানির প্রতিনিধি, ফিড কোম্পানির প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে দুধের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং দেশের দুগ্ধ খাতের টেকসই উন্নয়নে সংশ্লিষ্টদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com