
সিরাজুল ইসলাম, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের যোগাযোগের একমাত্র মাধ্যম ‘ডুমুরিয়া খেয়াঘাট’ এখন কপোতাক্ষ নদের ভাঙনের কবলে পড়েছে। ঘাটের মূল অংশের বড় একটা অংশ নদীগর্ভে বিলীন হতে চলায় প্রতিদিন যাতায়াতকারী দুই ইউনিয়নের হাজারো মানুষ চরম উদ্বেগ ও ঝুঁকির মধ্যে নদী পারাপার হচ্ছেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এর আগে ২০০৯ সালে আইলার পর বুড়িগোয়ালিনী অংশের মূল খেয়াঘাটটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। দীর্ঘ দেড় দশক পার হলেও সেই ঘাটটি আর পুনর্নির্মাণ বা স্থায়ী সংস্কার করা হয়নি। ফলে দুই ইউনিয়নের মানুষের যাতায়াতে এমনিতেই নানামুখী দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এর মধ্যে বর্তমান ব্যবহৃত ডুমুরিয়া ঘাটেও নতুন করে তীব্র ভাঙন শুরু হওয়ায় দুপারের মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ও শঙ্কা দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা যায়, ডুমুরিয়া ঘাটের পন্টুন ও গ্যাংওয়ের আশপাশের মাটি ধসে গেছে। জোয়ারের সময় পানি বাড়লে ভাঙন আরও ঝুঁকিপূর্ণ রূপ নেয়। দ্রুত টেকসই ব্যবস্থা গ্রহণ করা না হলে যেকোনো মুহূর্তে দুই ইউনিয়নের নৌ-যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ প্ল্যান বাংলাদেশ-এর বিভাগীয় সমন্বয়কারী ইমাম হোসেন বলেন, “প্রতিদিন দুই পারের অসংখ্য শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও জরুরি রোগী এই ঘাট ব্যবহার করে উপজেলা সদরে যাতায়াত করেন। ঘাটের যে অবস্থা, তাতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে শুধু জোড়াতালির সংস্কার নয়, বরং দ্রুত স্থায়ী ও টেকসই ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
স্থানীয় ভুক্তভোগীরা জানান, উপকূলীয় অঞ্চলে বর্ষা মৌসুমে নদীর রূপ আরও ভয়াবহ হয়ে ওঠে। ভরা বর্ষা শুরু হওয়ার আগেই যদি এই ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা বা গাইড ওয়াল দেওয়ার মতো কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তবে পুরো ঘাটটিই নদীগর্ভে হারিয়ে যাবে।
যোগাযোগ করা হলে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম ভাঙনের সত্যতা স্বীকার করে বলেন, “উপকূলীয় নদীভাঙন এলাকায় এ ধরনের সমস্যা আমাদের প্রতিনিয়ত মোকাবেলা করতে হয়। ডুমুরিয়া খেয়াঘাটটিতে দীর্ঘদিন ধরেই ভাঙন চলছে। এবারের বর্ষা মৌসুমের আগেই যদি সরকারি কোনো বিশেষ বরাদ্দ পাওয়া যায়, তবে দ্রুত ঘাটটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।”
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com