বিদ্যুৎ বিলের ৫ টাকা নিয়ে বিরোধ, রামগঞ্জে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৫ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা-য় বিদ্যুৎ বিলের ৫ টাকা কম দেওয়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের মারধরে আলমগীর হোসেন নামে এক প্রবাসীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে উপজেলার করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত খোরশেদ আলম নিহত আলমগীরের বড় ভাই। দুজনই একই এলাকার বাসিন্দা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর হোসেন দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি-তে কর্মরত ছিলেন। ছুটিতে গত ১ ফেব্রুয়ারি তিনি দেশে ফেরেন। শনিবার সন্ধ্যার আগে বিদ্যুৎ বিলের ৫ টাকা কম দেওয়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা–কাটাকাটি হয়। তবে ঘটনার সময় আলমগীর ঘরে ছিলেন এবং তিনি কোনো বিরোধে জড়াননি বলে দাবি পরিবারের।

নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, ‘বিকেলের দিকে ভাসুরের সঙ্গে বিদ্যুৎ বিল নিয়ে কথা–কাটাকাটি হয়। ইফতারের পর আমার স্বামী এলাকার একটি দোকানে চা খেতে যান। সেখানে গিয়ে ভাসুর তাকে বেধড়ক মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যান।’

তিনি আরও বলেন, স্থানীয় লোকজন খবর পেয়ে তাঁকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্বজনেরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, ঘটনার পেছনের কারণ ও প্রকৃত পরিস্থিতি জানতে তদন্ত চলছে।