বিচ্ছিন্ন হাত সফলভাবে জোড়া লাগিয়ে সাতক্ষীরার চিকিৎসকদের মাইলফলক

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা প্রথমবারের মতো সফলভাবে সম্পূর্ণ বিচ্ছিন্ন হাত পুনঃসংযোগ করলেন।

সিরাজুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে ২৩ ডিসেম্বর একটি সরিষার তেল কারখানায় শ্রমিকের ডান হাত মাড়াই মেশিনে আটকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি ভিত্তিতে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।

অর্থোপেডিক বিভাগের ডা. প্রবীর কুমার দাস ও ডা. বি. কে. মণ্ডলের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল টিম প্রায় ৬ ঘণ্টাব্যাপী জটিল অস্ত্রোপচারের মাধ্যমে হাতটি সফলভাবে পুনঃসংযোগ করেন। অপারেশনে মাইক্রোসার্জারি ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে হাতের স্নায়ু, রক্তনালি, হাড় ও পেশি সংযুক্ত করা হয়।

ডা. প্রবীর কুমার দাস জানান, “এটি অত্যন্ত জটিল অপারেশন ছিল। সময়মতো রোগী হাসপাতালে পৌঁছানো এবং টিমের সমন্বিত প্রচেষ্টার কারণে আমরা সফল হয়েছি।”
অপারেশনের পর রোগী বর্তমানে আইসিইউতে রয়েছে এবং হাত নড়াতে পারছেন।

সাতক্ষীরা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শেখ মো. আমিনুর রহমান বলেন, “এটি আমাদের হাসপাতালের প্রথম সফল হাত পুনঃসংযোগ। এখন স্থানীয় রোগীরা ঢাকাসহ দূরবর্তী হাসপাতালে না গিয়েও উন্নত চিকিৎসা সেবা পাবেন।”

বিভাগীয় প্রধান ডা. বি. কে. মণ্ডল এই অর্জনকে চিকিৎসক দলের দক্ষতা ও সরকারি সহায়তার ফল হিসেবে দেখেন এবং আরও জটিল অপারেশনের প্রস্তুতি সম্পর্কে আশ্বাস দেন। স্থানীয়রা এই সাফল্যকে স্বাগত জানিয়ে সাতক্ষীরা জেলার চিকিৎসা সেবায় নতুন আশা দেখছেন।