

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া বলেছেন, জনগণের প্রতি বিএনপির রাজনৈতিক দায়বদ্ধতা রয়েছে এবং দলটি জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সবসময় আন্তরিক।
বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল খায়ের ভুঁইয়া বলেন, ‘বিএনপি যা কমিটমেন্ট করে, তা বাস্তবায়নের চেষ্টা করে। কারণ আমাদের ক্ষমতার উৎস জনগণ। জনগণের কাছে ভোট চাইতে হলে তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণ করতে হবে।’
তিনি দাবি করেন, চররমনী মোহনকে পৃথক ইউনিয়নে উন্নীত করার ক্ষেত্রে তাঁর উদ্যোগ ছিল গুরুত্বপূর্ণ। ইউনিয়ন হওয়ার পর এলাকায় মসজিদ-মাদ্রাসা, রাস্তা-ঘাটসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাচিত হলে স্থানীয় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে নতুন প্রকল্প গ্রহণ করা হবে।
বিএনপির ঘোষিত ৩১ দফা বিষয়ে তিনি বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে সব রাজনৈতিক দলের মতামত নিয়ে এ রূপরেখা তৈরি করা হয়েছে। ‘জামায়াত, চরমোনাইসহ ৬২টি রাজনৈতিক দল নিজেদের মতামত দিয়েছে। যা ভালো, আমরা তা গ্রহণ করেছি।’
খায়ের ভুঁইয়া জানান, বিএনপি সরকারে এলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ড দেওয়া হবে, যাতে তারা সরকারি বিভিন্ন সুবিধা সহজে পেতে পারে।
সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল কাদের সভাপতিত্ব করেন। এতে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল এবং ছাত্রদলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com