

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : বিএনপি কখনোই ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে না—এ মন্তব্য করেছেন দলের যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার চরভূতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মহিলা দলের আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ্যানি বলেন, ধর্ম মানুষের ব্যক্তিগত বিশ্বাসের বিষয়। “বেহেশত বা পরকাল নিয়ে রাজনৈতিক বিভ্রান্তি ছড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো রাজনৈতিক দল মানুষের পরকালের নিশ্চয়তা দিতে পারে না; আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব হয় প্রত্যেকের নিজস্ব আমল, আচরণ ও নৈতিকতার মাধ্যমেই।”
মহিলা দলের নেত্রীদের উদ্দেশে তিনি আরও বলেন, “বিএনপি এমন একটি দল, যারা মানুষের ধর্মীয় অনুভূতিকে সম্মান করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন। আমরা যদি ইমান, আমল ও নৈতিকতাকে ঠিক রাখি, তাহলে আল্লাহই আমাদের উত্তম প্রতিদান দেবেন।”
বিভ্রান্তিকর ধর্মীয় ব্যাখ্যা বা প্রচারণায় কেউ যেন প্রভাবিত না হন, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এ্যানি বলেন, প্রতিটি মুসলমানের দায়িত্ব হলো ধর্মীয় মূল্যবোধ ঠিক রেখে ইসলামের আদর্শ অনুযায়ী জীবনযাপন করা।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান উল্লেখ করে তিনি বলেন, “বিএনপি সাধারণ মানুষের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় কাজ করে আসছে। দেশ ও মানুষের উন্নয়নই দলটির মূল লক্ষ্য।”
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর পূর্ব বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি বেগমসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com