
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ঢাকা ও চট্টগ্রামসহ দূরপাল্লা এবং আন্তজেলা রুটে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন এ ভাড়া বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে।
সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ সিদ্ধান্তের কথা জানান।
মন্ত্রী বলেন, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সা করা হয়েছে। অন্যদিকে দূরপাল্লার রুটে বাসভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২৩ পয়সা।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন এলাকা—অর্থাৎ ঢাকা ও আশপাশে—বাসভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। তবে সর্বনিম্ন ভাড়া আগের মতোই ১০ টাকা রাখা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, নতুন এ ভাড়া শুধু ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সিএনজিচালিত বাসের ভাড়া বাড়ানো হয়নি। জ্বালানি তেলের দাম কমলে বাসভাড়াও সমন্বয় করা হবে। তবে রেল ও নৌ পরিবহনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
এর আগে গত ২২ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাসভাড়া পুনর্নির্ধারণ নিয়ে একটি বৈঠক হয়। ওই বৈঠকে কোনো সিদ্ধান্ত না হলেও বৃহস্পতিবারের বৈঠকে নতুন ভাড়া চূড়ান্ত করা হয়।
এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি বলছে, পরিবহন খাত বর্তমানে বাড়তি আর্থিক চাপে রয়েছে। ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়া, ডলারের মূল্য বৃদ্ধি এবং আমদানিকৃত যন্ত্রাংশের খরচ বেড়ে যাওয়ায় যানবাহন পরিচালনা ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
এই পরিস্থিতিতে পরিবহন খাত টিকিয়ে রাখতে জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া পুনর্নির্ধারণের দাবি জানিয়েছিলেন পরিবহন নেতারা।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com