বায়তুল মোকাররমে শ্রমিক সমাবেশে ডা. শফিকুর রহমানের বক্তব্য: “শ্রমিকের মর্যাদা ছাড়া সমাজ টেকসই নয়”

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

ঢাকা প্রতিনিধি : শ্রমিকদের প্রয়োজন ও মর্যাদাকে উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১ মে) বিকেলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বিদেশে কর্মরত শ্রমিকরা কষ্টার্জিত অর্থ দেশে পাঠান, কিন্তু তাদের যথাযথ মর্যাদা দেওয়া হয় না। অনেক ক্ষেত্রে পাসপোর্ট নবায়নসহ নানা সেবা নিতে গিয়ে প্রবাসীরা দালালচক্রের হয়রানির শিকার হন বলেও তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, “যেসব দেশের দূতাবাস প্রবাসীদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে না, সেখানে এমন মিশন থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন আছে। দূতাবাসের মূল দায়িত্ব হওয়া উচিত দেশের জনগণের স্বার্থ রক্ষা করা।”

বামপন্থী রাজনীতি ও শ্রেণিসংগ্রামভিত্তিক আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, অনেক সময় আন্দোলনের নামে সাধারণ শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হলেও নেতারা সুবিধা নিয়ে থাকেন, ফলে প্রকৃত পরিবর্তন আসে না।

তিনি বলেন, “শ্রেণিশত্রু খতমের রাজনীতি আমরা বিশ্বাস করি না। মালিক ও শ্রমিকের পারস্পরিক শ্রদ্ধা, ন্যায় ও ভালোবাসার সম্পর্কই টেকসই অর্থনীতির ভিত্তি।”

শ্রমিক দিবসের ১৪০ বছর পূর্তির প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমান বলেন, আন্তর্জাতিকভাবে দিবসটি স্বীকৃত হলেও শ্রমিকদের দুঃখ-দুর্দশা অনেক ক্ষেত্রেই অপরিবর্তিত রয়ে গেছে। গত দেড় শতাব্দীর প্রতিশ্রুতির একটি অংশও বাস্তবায়িত হলে শ্রমিকদের আজকের অনেক সমস্যাই থাকত না।

সংসদীয় রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, বিরোধী দলের কাজ দুঃখী মানুষের পক্ষে কথা বলা এবং শ্রমিকদের অধিকার আদায়ে সংসদের ভেতরে ও বাইরে ভূমিকা রাখা।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির আ ন ম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।