
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়া থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর শহরের খেজুরডাঙ্গা এলাকা থেকে আমিরন নেছা (৭০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের পাশে একটি পরিত্যক্ত একতলা ভবন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আমিরন নেছা কলারোয়া উপজেলার লোহাকুড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৩ জুলাই সকালে আমিরন নেছা লোহাকুড়ার নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে এ ঘটনায় কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা।
গতকাল রাতে সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক থেকে ১০০ গজ দূরে খেজুরডাঙ্গা গ্রামের একটি পরিত্যক্ত ভবনের ভেতরে স্থানীয় ব্যক্তিরা এক বৃদ্ধার মরদেহ দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় মরদেহের পাশে চিকিৎসাসংক্রান্ত কিছু কাগজপত্র পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা এসে মরদেহটি নিখোঁজ আমিরন নেছার বলে শনাক্ত করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাসুদুর রহমান বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com