বাগেরহাট জেলা হাসপাতালে ১০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ মাস আগে

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি :  বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন বন্ধ থাকা ১০ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) অবশেষে চালু হয়েছে। সারাদেশের ১০টি হাসপাতালে আইসিইউ ইউনিট চালুর অংশ হিসেবে আজ রোববার (১৪ জুন) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ শাখাওয়াত হোসেন ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বাগেরহাটবাসীর স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং সংকটাপন্ন রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।

তিনি বলেন, “আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার দেশের বিভিন্ন হাসপাতালে নতুন আইসিইউ ইউনিট চালু করছে। এর ফলে বাগেরহাটের রোগীদের উন্নত চিকিৎসার জন্য এখন থেকে আর দূরবর্তী হাসপাতালে ছুটতে হবে না।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব এবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) অনুপ দাস, সিভিল সার্জন ডা. আ.স.ম মাহাবুবুল আলম, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার ও আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার। এছাড়া হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

হাসপাতাল সূত্রে জানানো হয়, আইসিইউ ইউনিটটি চালুর মাধ্যমে গুরুতর অসুস্থ রোগীদের জরুরি ও নিবিড় পরিচর্যা সেবা প্রদান করা সম্ভব হবে। বিশেষ করে শ্বাসকষ্ট, হৃদরোগ, দুর্ঘটনাজনিত জটিলতা এবং অন্যান্য সংকটাপন্ন রোগীদের চিকিৎসায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘদিন পর আইসিইউ সুবিধা চালু হওয়ায় জেলার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং এটি স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে।