
সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. কামাল হোসেন মুফতিকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা এবং শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ার গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ২৬ জুলাই ২০২৬ তারিখে এই আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ২৫ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আকস্মিকভাবে মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। এ সময় হাসপাতালটির বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা, পরিত্যক্ত ভবন এবং শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখতে পান তিনি। এ ধরনের অব্যবস্থাপনার কারণে চিকিৎসাসেবার সামগ্রিক সুনাম ক্ষুণ্ন হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।
প্রজ্ঞাপনটি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও বাগেরহাটের সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। পাশাপাশি এটি পরবর্তী গেজেটে প্রকাশ এবং ওয়েবসাইটে আপলোডের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত রোববার রাতে মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ডা. কামাল হোসেন মুফতির ব্যক্তিগত একটি ক্লিনিক সিলগালা করে দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, এর কিছুদিন আগে সাংবাদিকরা তার বিরুদ্ধে অনিয়মের তথ্য সংগ্রহ করতে গেলে তিনি ভাড়াটিয়া লোক দিয়ে মব সৃষ্টির চেষ্টা চালান এবং সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com