
সোহেল রানা বাবু : বাগেরহাটে নৌযান-সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনকে নিয়ে নৌযান শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পর্যায়ে নৌযানের সঠিক তথ্য সংগ্রহ ও শুমারির আওতায় সব নৌযানকে অন্তর্ভুক্ত করার বিষয়ে সভায় আলোচনা করা হয়।
সোমবার (১০ আগস্ট) দুপুরে জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেসবাহ উদ্দিন।
সভায় নৌযান শুমারি বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. রাসিউল ইসলাম।
সভায় জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, জেলার সব নৌযান যেন শুমারির আওতায় আসে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে নৌযান শুমারির কার্যক্রম সফল করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
জেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. রাসিউল ইসলাম জানান, তাঁর অধীনে চারজন জোনাল কর্মকর্তাসহ মোট ৩৩ জন তথ্য সংগ্রহকারী জেলাজুড়ে নৌযানের তথ্য সংগ্রহ করবেন।
সভায় জেলা ক্রীড়া কর্মকর্তা হুসাইন আহমাদ, জেলা মৎস্য কর্মকর্তা সানজিদা হক, পানি উন্নয়ন বোর্ডের বাগেরহাট কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. হুমায়ুন কবির, সুন্দরবন পূর্ব বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মো. শাহজাহান আলী, পুলিশ সুপারের কার্যালয়ের কন্ট্রোল রুমের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আসলাম বাহার বুলবুল, বাগেরহাট সদর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন, কোস্টগার্ড পশ্চিম জোনের প্রতিনিধি লেফটেন্যান্ট মুশফিক উস সালেহীন এক্স বিএনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বাগেরহাট প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক মো. ইয়ামিন আলী, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি মো. শফিকুল ইসলাম, কেবি মাছ বাজারের প্রতিনিধি, নৌযান শ্রমিক ইউনিয়নের চারটি সংগঠনের প্রতিনিধি, জেলা ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
সভায় নৌযান শুমারির উদ্দেশ্য, তথ্য সংগ্রহের পদ্ধতি এবং সংশ্লিষ্ট অংশীজনদের সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়।
