
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : বরিশাল–খুলনা এবং বরিশাল–ভোলা–লক্ষ্মীপুর–চট্টগ্রাম জাতীয় মহাসড়কের বরিশাল–ভোলা অংশের সড়ক উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে প্রায় ২ কোটি ৮০ লাখ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করেছে জেলা প্রশাসন।
বুধবার বরিশালের চরমেনাই সেতুর রায়পুরা এলাকায় আয়োজিত অনুষ্ঠানে ৩০ জন ক্ষতিগ্রস্ত ভূমি মালিকের হাতে চেক তুলে দেন বরিশালের জেলা প্রশাসক খায়রুল কবির সুমন।
চেক বিতরণকালে জেলা প্রশাসক ক্ষতিগ্রস্তদের কাছে জানতে চান, ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় তাঁদের কোনো ধরনের হয়রানির শিকার হতে হয়েছে কি না কিংবা কোনো উৎকোচ দিতে হয়েছে কি না। এ সময় উপস্থিত ভূমি মালিকদের সঙ্গে তিনি সরাসরি কথা বলেন এবং স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে প্রশাসনের অবস্থান তুলে ধরেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সড়ক ও জনপথ অধিদপ্তর–এর ‘জাতীয় মহাসড়ক যথাযথ মান উন্নয়ন প্রকল্প’র আওতায় বরিশাল থেকে ভোলা হয়ে লক্ষ্মীপুর পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার মহাসড়ক প্রশস্তকরণে প্রায় সাড়ে ৬০০ কোটি টাকা ব্যয় হচ্ছে। প্রকল্পের বরিশাল অংশে ভূমি অধিগ্রহণ–সংক্রান্ত জটিলতার কারণে সড়ক উন্নয়নকাজ কিছুটা বাধাগ্রস্ত ছিল। সম্প্রতি সেই জটিলতার অবসান হওয়ায় নির্মাণকাজ শেষ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুল্লাহ, বরিশাল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম, ভূমি অধিগ্রহণ শাখার সিনিয়র সহকারী কমিশনার সমাপ্তি রায়সহ প্রশাসন ও সড়ক বিভাগের কর্মকর্তারা।
জেলা প্রশাসক বলেন, “ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে। কোনো ধরনের অনিয়ম বা হয়রানির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, মহাসড়কের প্রশস্তকরণ ও মানোন্নয়ন সম্পন্ন হওয়ায় বরিশাল–ভোলা–লক্ষ্মীপুর আঞ্চলিক যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে এবং বাণিজ্যিক কার্যক্রমে গতি আসবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com